অরুণিমা স্পোর্টস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ‘একপেশে’ ও ‘অস্বচ্ছ’ আখ্যা দিয়ে ৪০টিরও বেশি ক্লাব ক্রিকেট বর্জন করার যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
যদিও সদ্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলছেন, দ্রুতই এই সমস্যার সমাধান করবে বোর্ড।
তবে এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই ছিল নানা প্রশ্ন এবং শেষ পর্যন্ত একটা পক্ষ সরে দাঁড়ানোর পরে এই নির্বাচন কতোটা গ্রহণযোগ্য হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটার ও ক্লাবগুলোর সাথে সম্পৃক্তরা।
এর আগে ৬ই অক্টোবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রত্যাশিতভাবেই কোনো চমক ছাড়াই শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল যেন ছিল আগেই নির্ধারিত, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালনা পর্ষদের ২৫ জন সদস্য নির্বাচিত হন।
এরপর তাঁদের ভোটে আমিনুল ইসলাম বুলবুল আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন।
একই নির্বাচনে ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আমিনুল ইসলামকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করেন।
বেশ কিছুদিন ধরেই ক্রিকেট অঙ্গনে ধারণা ছিল, বিসিবির এই নির্বাচনও আগের মতোই হবে ‘অনুমিত ও প্রতিদ্বন্দ্বিতাহীন’। তাই অনেকের চোখে এবারের ফলাফলও ছিল কেবল আনুষ্ঠানিকতা পূরণ।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে আগে থেকেই ‘ঠিক করা’ ছিল- এমন অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী।
এ প্রসঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে বহু বিতর্কিত নির্বাচন তিনি দেখেছেন, তবে এবারের ভোট যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামনের সব প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করব।”
বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সংবাদমাধ্যম বলেন, কারো ব্যক্তিগত ক্ষোভ বা ভাবনা থাকতে পারে। কিন্তু সেটার প্রভাব ক্রিকেটে পড়তে দেয়া হবে না, ইতোমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস- সিসিডিএম থেকে বলা হয়েছে সব ক্লাবকে সঙ্গে নিয়ে লীগ চালাবে।
নাজমুল আবেদিন ফাহিম সবশেষ নির্বাচনেও পরিচালক নির্বাচিত হয়েছেন, তিনি ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন আবারো।
ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম) জানিয়েছে, তারা ২০২৫–২৬ মৌসুমের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ঢাকায় ক্লাবভিত্তিক সব লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার স্বার্থে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ বাছাই লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, খেলোয়াড়দের কল্যাণই বিসিবি ও সিসিডিএম-এর মূল অগ্রাধিকার।
এমন পরিস্থিতিতে আইসিসির কোনো ভূমিকা থাকতে পারে কি না- প্রশ্নের জবাবে ফাহিম জানান, “আইসিসি গভর্নিং বডি হিসেবে হয়তো চোখ রাখবে পরিস্থিতির দিকে, তবে এটা একটা অভ্যন্তরীণ বিষয়। এখানে কোনো হস্তক্ষেপ বা ভূমিকা থাকবে না আইসিসির।”