নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের গুরুদাসপুরের নন্দকুঁজা নদীতে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে গুরুদাসপুর থানার দুই পুলিশ সদস্য। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে উপ-পরিদর্শক আবুল বাশার ও কনস্টেবল রাকিবকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ সুপার।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নন্দকুঁজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার ফারহান ও লাম ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় রাত ৮টার দিকে ওই দুই শিশু বাড়িতে সুরতহাল রিপোর্ট করতে যায় গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও রাকিব নামের দুই সদস্য। এসময় জানাজা শেষে সুরতহাল রিপোর্ট করায় উত্তেজিত হয়ে নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারে পুলিশের ওপর হামলা করে এলাকাবাসী। ওই পুলিশ সদস্যদের মারপিট করে স্থানীয় একটি মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে তারা। পরে গুরুদাসপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। এই ঘটনায় এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।