মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো
চলাচলের অযোগ্য খুলনা- সাতক্ষীরা মহাসড়কটি সংস্কারের দাবিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকেই প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ ভয়ংকর সড়ক যাত্রা করছেন। মাত্র ৫ বছর আগে ১৫০ কোটি টাকায় নির্মিত মহাসড়ক এখন যেন মরণফাঁদ। তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’ সড়ক নির্মাণ প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ করে। এ মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটারের কোথাও ভাঙ্গা রাস্তা, কোথাও বড় বড় গর্ত, খানাখন্দ, আবার কোথাও কর্দমাক্ত জলাশয়।
মহানগর নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক দ্রুত মহাসড়কটি সংস্কারে উদ্যোগ নেয়ার দাবি জানান।
নিসচা এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। এ সময় প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কটির দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। এর মধ্যে নগরীর জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়ার চুকনগর-আঠারোমাইল বাজার পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার খুলনা জেলার মধ্যে। বাকি অংশ সাতক্ষীরা জেলার মধ্যে। ২০১৮ সালে মহাসড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়। খুলনা অংশের ১৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির আগে সড়কটির প্রশস্ততা ছিল ১৮ ফুট। সংস্কার করে সেটিকে ৩৬ ফুট করা হয়।