অরুণিমা রিপোর্ট
সময় ২০ আগস্ট, বিকেল ৫টা ২০ মিনিট। ভোট গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী বলে ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, তখনই তুমুল শব্দে টেবিল চাপড়ে সংসদ সদস্যরা অভিনন্দন জানান তাকে।
মির্জা ফখরুলের পাশেই ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখনই প্রধানমন্ত্রী নিজের কাছে থাকা একটি লালগোলাপ তুলে দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে।
এরপরই বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান তার আসন থেকে উঠে আসেন, মির্জা ফখরুলও উঠে গিয়ে কোলাকুলি করেন জামায়াত আমিরের সঙ্গে।
একে একে সংসদ সদস্যরা ছুটে গিয়ে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
এর আগে বৃহস্পতিবার ২০, আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বৃহস্পতিবারের এই ভোটে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ভোট দেন ৩৪৩ জন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।